ঠাকুরগাঁওয়ে সেতুর নিচ থেকে বস্তার ভেতর থেকে মাহফুজা খাতুন (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের টাঙ্গন নদীর সেতুর নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। সে বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমি মহিলা মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশোনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টাঙ্গন সেতুর নিচে বস্তাটি মুখ বাঁধা অবস্থায় দেখতে পেলে স্থানীয়দের মনে কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়রা বস্তাবন্দি লাশ ভেবে এগিয়ে গিয়ে বস্তার মুখ খোলে। এ সময় ওই কিশোরী নড়াচড়া করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাহফুজার মা সালমা খাতুন বলেন, ‘এর আগে গুলজার নামে এক ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল।
কিন্তু পরে সেই ছেলে আমার মেয়েকে ছেড়ে চলে যায়। সেই ছেলেই আমার মেয়ের ক্ষতি করার জন্য এমনটা করতে পারে।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘বস্তার ভেতর থেকে উদ্ধার হওয়া মেয়েটি বলছে যে, তার সাবেক স্বামীসহ আরও কয়েকজন তাকে প্রলোভন দেখিয়ে রাতে মাদ্রাসা থেকে বের করে টাঙ্গন ব্রিজের নিচে বস্তায় ভরে রেখে চলে যায়। কিন্তু তারা তাকে কোনো প্রকার নির্যাতন করেনি। ওই মেয়েটির এমন স্বীকারোক্তি বা বক্তব্য রহস্যজনক। বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।’