এক দিনের ব্যবধানে ভয়াবহ আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটল বরিশালে। গতকাল বৃহস্পতিবার জেলার উজিরপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এদিন কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন। দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক শিক্ষক। ঢাকায় ইজিবাইক উল্টে মারা গেছেন সরকারি ইডেন কলেজের এক শিক্ষার্থী। সব মিলিয়ে গতকাল দেশের বিভিন্ন স্থানে ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
বরিশাল প্রধিনিধি জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন আর দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন গাজীপুরের কৃষ্ণাপুর এলাকার রুহুল আমিন (৪৭), কোনাবাড়ী এলাকার আবদুর রহমান (৪৬), একই এলাকার মো. হাসান (৩৬), শহিদুল ইসলাম (৪০) ও হারুন অর রশিদ (৪০)। আরেকজন টেলিনা মির্জাগঞ্জ বামরাইল এলাকার নুরুল আমিন (৪৭)।
উজিরপুর মডেল থানার ওসি মো. মোমিন উদ্দিন জানান, বরিশাল থেকে মোল্লা পরিবহনের একটি বাস ঢাকার সায়েদাবাদের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। মাইক্রোবাসটি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উজিরপুরের নতুন শিকারপুরসংলগ্ন মহাসড়ক অতিক্রমকালে এর একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী দ্রুতগামী মোল্লা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে দিনাজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় নুরুজ্জামান সরকার (৫৯) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক নুরুজ্জামান সদর উপজেলার পাঁচবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল বালুপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সলিমউদ্দীনের ছেলে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম উম্মে সালমা (২৪)।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বংশাল নর্থ সাউথ রোডে তাদের বহনকারী বেপরোয়া অটোরিকশাটি গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় এবং বেলা আড়াইটায় একই সড়কের ইউছুফপুর বাসস্টেশনে ওই পৃথক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপভ্যান সিলেটমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক ও ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর ৩ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মণে ছেলে লক্ষণ বর্মণ (৪০)।
অপর ঘটনাটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুর বাসস্টেশনে একটি খালি ট্রাক দাঁড় করিয়ে ট্রাকচালক অন্য একজন ট্রাকচালকের সঙ্গে কথা বলতে যান। এ সময় সিলেটগামী একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকের দুটি চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। নিহত ট্রাকের হেলপার নীলফামারী সদর উপজেলার কচুঘাটা গ্রামের মোস্তফা কামালের ছেলে বিপ্লব মিয়া (২২)।