গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ নির্মাণ শ্রমিক নিহত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত (কাগদী) রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।

এ দুর্ঘটনায় আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট মিক্সচার মেশিনে করে কয়েকজন শ্রমিক উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। কাঠামদরবস্ত রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সচার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।