ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) গ্রেপ্তারের পর তার বাসা থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে, পরিবারের দাবি জসিমকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
শুক্রবার ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে আগের সাতটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পল্টনের বিজয় নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানা-পুলিশ। এরপর জাকির হোসেনকে ঢাকা থেকে ফেনী নিয়ে আসা হয়। পরে রাত ১টার দিকে ফেনীর রামপুরার বাসা থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার জাকির হোসেনের ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাথিনপুর গ্রামের বাসিন্দা। তিনি ফেনী শহরের রামপুর এলাকায় একটি বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী তার ফেনী শহরের রামপুরের বাসা থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানা-পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেছে।
তবে জাকির হোসেনের স্ত্রী মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার অভিযোগ করে বলেন, তার স্বামীকে পুলিশ পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।
এদিকে, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক বিবৃতিতে ‘অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে ও বানোয়াট মামলা দিয়ে’ জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তারা অবিলম্বে জসিমের নামে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।