নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুলিশ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পাঁজরে কোপানো ও গলাকাটা অবস্থায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ মিয়া উপজেলার পালগাঁওয়ের মৃত মইজ উদ্দিনের ছেলে। এ হত্যাকে ঘিরে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের ধারণা গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে পরের দিন ভোর ৫টার মধ্যে কোনো একসময় হত্যাকান্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
নিহতের ছেলে আলম মিয়ার স্ত্রী মানি আক্তার জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার শ^শুর খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। পরের দিন ভোরে রক্তাক্ত অবস্থায় চৌকির ওপরে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, পিঠের পাঁজরে কোপানো ও গলাকাটার ঘটনাটি রহস্যজনক।