মাহমুদউল্লাহর নেতৃত্বের ইতি নতুন অধিনায়ক সোহান

ছিল ‘ওপেন সিক্রেট’। তবুও দুই দিনের নাটকীয়তা হলো। তারপর মাহমুদউল্লাহর নেতৃত্বের এপিটাফ লেখা হলো। নতুন নেতা হয়ে টি-টোয়েন্টি দলের ভার নিলেন নুরুল হাসান সোহান। অবশ্য সোহানের দায়িত্বটা এক সিরিজের জন্য। জিম্বাবুয়ে সিরিজ শেষে মাহমুদউল্লাহ আবার নেতৃত্ব ফিরে পান না একেবারেই চেয়ারচ্যুত হন সেটাই দেখার। বিসিবি থেকে বলা হচ্ছে বটে মাহমুদউল্লাহ ফিরবেন, তবে তা খেলোয়াড় হিসেবেই। এশিয়া কাপ থেকে সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দায়ভার নেওয়ার গুঞ্জনই হয়ত সত্যি হবে। তবে এটা ঠিক ২০১৯ ভারত সিরিজ থেকে শুরু হওয়া মাহমুদউল্লাহর অধিনায়কত্বের পথচলা একরকম শেষ। জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার কথা ছিল বৃহস্পতিবার। সেদিন উইন্ডিজ ফেরত মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের। কিন্তু ওইদিন আলোচনা হয়নি। হয়েছে গতকাল। রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার মিটিং শেষে জালাল ইউনুস-খালেদ মাহমুদ সুজনরা ঘোষণা দেন জিম্বাবুয়ে সিরিজে মাহমুদউল্লাহ নেতৃত্বে থাকছেন না। শুধু তাই নয়, টি-টোয়েন্টি দল থেকে তাকে ও মুশফিকুর রহিমকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আলোচনা শেষে জালাল ইউনুস জানান, ‘টি-টোয়েন্টিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে।’

বিসিবির আলোচনায় মাহমুদউল্লাহর নেতৃত্বে সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। বরং টি-টোয়েন্টি দলে নতুনদের পরখ করার আলোচনায় সঙ্গ দিয়েছেন এই অলরাউন্ডার। দলে এই পরিবর্তনকে বেশ ইতিবাচক হিসেবেই নিয়েছেন তিনি। এমনটাই জানালেন খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ ভাবনা মাথায় রেখেই নতুন টি-টোয়েন্টি ব্র্যান্ডের দল তৈরি করতে চাচ্ছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের ব্যাপারে জালাল ইউনুসের বক্তব্য, ‘তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’ শুধু নতুন দলই নয়। সুজন জানালেন বিশ্বকাপ-পরবর্তী দল গঠনের চিন্তায় নতুন নেতাও তৈরি করতে চায় বিসিবি, ‘এখন নতুন লিডার তৈরি করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একেক ফরম্যাটে আমরা একেকজনকে চিন্তা করছি। সোহানকে বিশ্বকাপের জন্য ভাবছি তা-না। আমরা সোহানকে এই সিরিজের জন্য নেতৃত্ব দিয়েছি। যেহেতু আমাদের ভবিষ্যতের জন্য লিডার তৈরি করা দরকার ছিল তাই আমরা এখন ভিন্নভাবে ভাবছি।’ 

সোহানের প্রতিযোগী হিসেবে লিটন দাসও ছিলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতায় লিটনকে পেছনে ফেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। জালাল ইউনুস জানান, বিসিবির ভরসার কারণেই সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে ‘সোহান লোকাল টিমে নেতৃত্ব দিয়েছে। ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখেছি। নেতৃত্ব দেওয়াটা কোনো একজনের সিদ্ধান্ত নয়, এটা বোর্ডের। আমরা সবাই আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। সোহান সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে আক্রমণাত্মক, সতীর্থদের উদ্দীপ্ত করতে পারে, ও উজ্জীবিত; এ ব্যাপারে আমরা নির্বাচকরাসহ সবাই একমত হয়েই সিদ্ধান্ত নিয়েছি।’

সোহানের নেতৃত্বে নতুন এই দলে সুযোগ পেয়েছেন দুই তরুণ। পারভেজ হোসেন ইমন গত বছর নভেম্বরে পাকিস্তান সিরিজের দলে ডাক পেয়েছিলেন। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে আর খেলতে পারেননি। এরপর দলেও আর ডাক পড়েনি গত বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনারের। অপর তরুণ হাসান মাহমুদ এর আগে একটি টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ইনজুরিতে পরে হারিয়েই যেতে বসেছিলেন। ফিরে এসে বিসিবির নজরে থাকা এ পেসার আবার ফিরলেন জাতীয় দলে। এছাড়া টি-টোয়েন্টি দল সবশেষ উইন্ডিজ সিরিজের মতোই আছে। এদিকে ওয়ানডে দলে তিন অভিজ্ঞ তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ আছেন। ১৬ সদস্যের দলে শুধু সাকিব নেই। তার বদলে তাইজুল ইসলাম আছেন। এছাড়া এই দলটিও উইন্ডিজ সিরিজের মতোই।