পদ্মা সেতু চালুর পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহনে যাত্রী না ওঠানোর কারণে মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা অবরোধ করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। গতকাল শনিবার সকালে উপজেলার মাশুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় শত শত যাত্রী এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন। এ সময় মাশুরগাঁও বাসস্ট্যান্ড থেকে ছনবাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধকারী যাত্রীসাধারণকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ যাত্রীরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে শ্রীনগরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো যাত্রী ওঠানামা করছে না গণপরিবহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন এ অঞ্চলের হাজারো যাত্রী।
ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করেন জাহাঙ্গীর হোসেন। তিনি মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট থেকে প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কোনো বাস এখান থেকে যাত্রী নিচ্ছে না বলে জানান।
অপর যাত্রী মাহিন বলেন, ‘ঢাকা-মাওয়া রুটের প্রায় সব বাস তাদের রুট পরিবর্তন করে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করছে। তাই তারা এখন ঢাকা-মাওয়া রুটের যাত্রীদের তোলে না। তুললেও ভাঙ্গা পর্যন্ত রুটের ভাড়া আদায় করে।’
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বাসে যাত্রী তোলার দাবিতে সকালে এক্সপ্রেসওয়েতে অবরোধ করে। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।