পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অর্থ পাচার মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টেপাধ্যায়কে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
শিক্ষামন্ত্রী থাকাকালে সরকারি স্কুলে নিয়োগে ব্যাপক ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে পার্থের বিরুদ্ধে।
ঘনিষ্ঠ এক সহযোগীর বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি উদ্ধারের পরদিন পার্থকে গ্রেপ্তার করা হলো। উদ্ধার ওই অর্থ স্কুলে নিয়োগে ঘুষের অংশবিশেষ বলেই মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
গত শুক্রবার সকালে ইডির কর্মকর্তারা পার্থের নাকতলার বাড়িতে হাজির হন। এরপর টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
পার্থকে গ্রেপ্তার করার আগে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক নারীকে গ্রেপ্তার করে ইডি। অর্পিতা পার্থের সহকারী বলে জানিয়েছে ইডি। গতকাল অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি জব্দ করেন ইডি কর্মকর্তারা।
ইডির তদন্ত কর্মকর্তারা গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়ে পার্থের দক্ষিণ কলকাতার বাড়িটি ঘিরে ফেলা হয়। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন পার্থ। এ জন্য অন্তত দুবার তার বাড়িতে চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছিল।
গতকাল সকাল ১০টার দিকে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যায় ইডি।
আদালতে পার্থের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এবং মন্ত্রিত্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার ইডির মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।