করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

এক দিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। তবে রোগী কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এর আগের দিন মৃত্যু ছিল দুজনের ও শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন। এই সংখ্যা গত ৩৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬২০।

নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৩২ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৪ জেলাতেই এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। তবে ২৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। এর মধ্যে রংপুর বিভাগের কোনো জেলায়ই কোনো নমুনা পরীক্ষা হয়নি। ঢাকা বিভাগের মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ ও জয়পুরহাট, খুলনা বিভাগের মাগুরা ও সাতক্ষীরা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জে নমুনা পরীক্ষা করা হয়নি।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন খুলনা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ২৬২ জন।