২৩ দিনেই এ বছরের ডেঙ্গু রোগী ও মৃত্যুর রেকর্ড

চলতি জুলাইয়ের গত ২৩ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুতে এ বছরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত এ মাসে ডেঙ্গুতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯২ জন ও মারা গেছেন ৫ জন। এর আগে সর্বোচ্চ ৭৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ও একজনের মৃত্যু হয়েছিল গত জুন মাসে।

এ মাসের গত ২৩ দিনে হাসপাতালে দৈনিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন করে। গত জুনে এই সংখ্যা ছিল ২৪ জন। বর্তমান হারে রোগী বাড়তে থাকলে এ মাসে মোট রোগীর সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছে যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৪ জন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩১৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২ হাজার ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৫৬ জন। এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৭৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন।

গত ২০২১ সালে সারা দেশে ব্যাপক হারে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। সে বছর জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন ও মারা যান ১০৫ জন।