ডেপুটি স্পিকারের সংসদীয় আসন শূন্য ঘোষণা

প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা-২-এর প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হওয়ার কথ। তবে কোনো কারণে তা করা না গেলে সময় বাড়ানোর সুযোগ আছে।

গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস গতকাল রাতে দেশ রূপান্তরকে জানান, যুক্তরাষ্ট্র থেকে কাল (আজ সোমবার) দেশে আসছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ। ওই দিন সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ দেশে এসে পৌঁছাবে।

এরপর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারে ফজলে রাব্বীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সেখানে বিকেল ৩টায় ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গটিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখানে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। করোনার কারণে ডেপুটি স্পিকারের জানাজা জাতীয় সংসদ ভবন প্লাজায় হচ্ছে না।