বাগেরহাটে জমির বিরোধে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বাগেরহাটে জমির বিরোধে এক নারী (৩৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম (৩০) নামে এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নির্যাতনের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তাকে বাগেরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বজনরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ওই নারী। তিনি জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

গত রবিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।

বাগেরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস সাংবাদিকদের বলেন, নির্যাতনের শিকার এক নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই নারী এখন সুস্থ রয়েছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।