বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের

করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশসহ ছয়টি দেশকে তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করেছে। গত সোমবার সিডিসি ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণের গন্তব্য হিসেবে সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ নতুন তালিকায় যুক্ত হওয়া ছয়টি দেশ হলো বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি এবং মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ও হন্ডুরাস। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় দেশগুলোকে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) এ তিন শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। এ তালিকায় বাংলাদেশকে লেভেল-৩ অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে যুক্ত করা হয়েছে। একই ক্যাটাগরিতে রাখা হয়েছে অন্য পাঁচ দেশকেও।

সিএনএন বলছে, যেসব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে যুক্ত করেছে সিডিসি। গত সোমবার পর্যন্ত ভ্রমণের গন্তব্য হিসেবে লেভেল-৩ ক্যাটাগরিতে ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। অর্থাৎ সিডিসির তালিকায় থাকা ২৩৫টি গন্তব্যের প্রায় অর্ধেকই উচ্চঝুঁকির এ ক্যাটাগরিতে রয়েছে।

ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যও রয়েছে সিডিসির লেভেল-৩ ক্যাটাগরিতে।