নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায় হাশেম মোল্লা নামে একজনকে ছুরিকাঘাত করে পালিয়েছে তার বোন জামাই।
মঙ্গলবার রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক হাশেম মোল্লাকে (৫০) মৃত ঘোষণা করেন।
নিহত হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার মৃত নূর হোসেনের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের সংসারে তিন ছেলে রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন।
এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হয়। কয়েক দিন আগেও তাদের নিয়ে সালিশ হয়েছে। এরপরও মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন।
এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হোসেন মোল্লার মৃতদেহ ঢাকা মেডিকেলে আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার লাশ নিয়ে দাফন করবে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।