ঢাকার নবাবগঞ্জে হঠাৎ ধানক্ষেতে পড়ে যায় একটি হেলিকপ্টার।
বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় হেলিকপ্টারটি ভূপতিত হয়। এরপরই ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করে।
প্রত্যক্ষদর্শী কৈলাইল ইউপি চেয়ারম্যান বসির আহমেদ বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে ধানক্ষেতে হেলিকপ্টারটি পড়ে যায়। আমি দ্রুত হেলিকপ্টার থেকে পাইলট মেজর সামস্সহ দুইজনকে উদ্ধার করি।
দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টার করে তাদেরকে উদ্ধার করেন।
ইউপি চেয়ারম্যান আরও জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর। গত এক সপ্তাহ ধরে হেলিকপ্টারটি কৈলাইলের বিভিন্ন স্থানে দেখা গেছিল। কি কারণে তারা আসে এটা বলতে পারি না? মেজর সামস্ও এ ব্যাপারে কিছু বলেননি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী উদ্ধার করেছে।