শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া দানিজ আলিকে দেশটির বন্দরনায়েকে বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্তকারী সংস্থা (সিআইডি)।
গতকাল বুধবার দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বিমানে করে দুবাই যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দেশটির জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক রূপাভিহিনি করপোরেশনে প্রবেশ ও সম্প্রচার বন্ধের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দানিজ আলিকে বিমানের ভেতরে একটি আসন থেকে টেনে বের করা হচ্ছে। অন্য যাত্রীরা বাধা দিলেও সিআইডির কয়েকজন সদস্য তাকে বের করে আনেন।
শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জনগণের তীব্র আন্দোলনের মুখে গোতাবায়া দেশ ছেড়ে পালান এবং পদত্যাগ করেন। এরপর দেশটির পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বিক্ষোভ দমনে কঠোর হন তিনি। বিক্ষোভকারীদের শিবিরে শুরু হয় সেনা-পুলিশের অভিযান। বিক্ষোভে নেতৃত্বদানকারীদের গ্রেপ্তার করা শুরু হয়।
এদিকে সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় আগামী এক বছর পর্যন্ত জ্বালানি আমদানি সীমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিদেশি মুদ্রার মজুদ সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি আমদানির এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকারের দেশ পরিচালনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি আমদানি সীমিত রাখার সিদ্ধান্তের বিষয়ে গত মঙ্গলবার এক টুইট বার্তায় জানান দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। দেশটিতে আপাতত রেশন ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।