বগুড়ায় সুতা পল্লীতে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ার চাদর ও সুতার জন্য বিখ্যাত আদমদীঘির শাঁওইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার আনুমানিক ৫টার দিকে আগুন লেগে সুতার প্রায় ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।

স্থানীয় ব্যবসায়ীরা ও বাজার কমিটির সভাপতি আতোয়ার শেখ জানান, বৃহস্পতিবার ভোরে শাঁওইল বাজারের রায়হান শেখের সুতা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে ৮ থেকে ১০টি সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

মার্কেটের মালিক রায়হান শেখ ও দোকানিরা জানান, সব মিলিয়ে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৮টি দোকানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার সুতা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।