ইন্সটাগ্রাম রিলস আকর্ষণীয় হচ্ছে

দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলছে ইন্সটাগ্রাম রিলস। নতুন প্রজন্মের তুমুল আগ্রহ  রিলসের প্রতি। এর মাধ্যমে নিজের পছন্দমতো তৈরি করা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরকাড়া যায় দ্রুত।

এবার রিলস ব্যবহারের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হবে। এমনটাই জানিয়েছে ইন্সটাগ্রাম। রিলস পোস্টের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। রিলসে সাধারণত ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। তবে এবার ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যেসব ভিডিও ইন্সটাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। শিগগির এই ফিচারটি চালু হবে। ফেইসবুকের পক্ষে থেকে বলা হয়েছে, আমরা চাই ব্যবহারকারীরা যেন খুব সহজেই নিজেদের নতুন নতুন চিন্তা-ভাবনা, প্রতিভা এই প্ল্যাটফর্মে তুলে ধরতে পারে। সেই কারণেই এডিট ও শেয়ারের ক্ষেত্রে আমরা নতুন ফিচার যোগ করছি। ফোন থেকেই ব্যবহার করা যাবে ফিচারগুলো।

ফেইসবুকের চেয়েও নতুন প্রজন্মের কাছে বেশি আকর্ষণীয় প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। অনেকেই মনে করেন, এখানে ছবি ও ভিডিও পোস্ট করা তুলনামূলক বেশি নিরাপদ। জানা গেছে, গ্রিন স্ক্রিন, হোরাইজন্টাল অথবা ভার্টিক্যালি ভাগ করা স্ক্রিন অথবা পিকচার-টু-পিকচার রিয়েকশন দেওয়ার মতো ফিচারও যুক্ত করা হচ্ছে রিলসে।