পাবনা ঢাকা মহাসড়কের কাশীনাথপুরে বাসচাপায় বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিপার সন্ধ্যা ৭টার দিকে কাশীনাথপুর করিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আহাম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর খারা পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ (৪০) তার ছেলে তাওহীদ( ৫) ও একই গ্রামের তারেক হোসেনের মেয়ে রোজা মনি ( ৬)।
পুলিশ জানায়, শহীদনগর গ্রামে এক স্বজনের দাফন শেষে ভ্যানে নিজ বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন নিহতরা। পথে পাবনা-ঢাকা মহাসড়কে কাশীনাথপুর করিয়াল গ্রামে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহন ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত ভ্যান যাত্রীদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে পথেই আবু সাইদ, তাওহীদ ও রোজামনি মারা যায়। ভ্যানচালকসহ গুরুতর আহতদের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় খারাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।