সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের নয় মাসের মেয়ে সুমাইয়াকে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে (২৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত বছরের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। দন্ডিত বদিউজ্জামানের বাড়ি মুকুন্দগাঁতী গ্রামে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আসামি বদিউজ্জামানের একটি কন্যাসন্তান থাকা অবস্থায় আরও একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। এতে তিনি অসন্তুষ্ট হন। প্রায়ই তিনি তার স্ত্রী এবং ওই মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন। ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বদিউজামানের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। পরদিন রাতে বদিউজ্জামান স্ত্রীর অগোচরে নয় মাসের ঘুমন্ত মেয়ে সুমাইয়াকে তুলে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশের ডোবার পানিতে ফেলে দেন।