বাংলাদেশে তুলা রপ্তানি করতে চায় উজবেকিস্তান

আমদানি ব্যয় বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে উজবেকিস্তান থেকে তুলা আমদানি বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বাড়াতে আবারও বাংলাদেশকে তুলা আমদানির অনুরোধ জানিয়েছে উজবেকিস্তান। আর বাংলাদেশ চায় দেশের টেক্সাইল খাতে উজবেকিস্তানের বিনিয়োগ। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে দেশ দুটির মধ্যে মন্ত্রিপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে আজ শুক্রবার।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও উজবেকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির উপপ্রধানমন্ত্রী জামশেদ কাদজায়েভ। বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, ‘উজবেকিস্তান আবারও তুলা রপ্তানি করতে চায়। খরচ বেশি হওয়ায় অনেক দিন ধরে তুলা আমদানি বন্ধ রয়েছে। আমরা চাই আমাদের বন্ধ সরকারি টেক্সাইল মিলগুলোতে উজবেকিস্তান বিনিয়োগ করুক। নতুন নতুন সুতা উৎপাদন কারখানা গড়ে তুলুক। আগেও আমরা তুলা আমদানি করতাম, খরচ বেড়ে যাওয়ায় এখন বন্ধ আছে।’

তিনি আরও বলেন, ‘উজবেকিস্তান আমাদের সঙ্গে তৈরি পোশাকের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। আমরা ওষুধ রপ্তানি করতে চাই, তাদের সঙ্গে যেসব বাণিজ্য বাধা আছে সেগুলো দূর করা এবং কৃষিভিত্তিক বাণিজ্য চালু করা। ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপন, ঢাকার সঙ্গে সরাসরি বিমান চলাচল ও বন্দর ব্যবহারের বিষয়ে আলোচনা হবে।’