রাজধানীতে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল মিথিলা আক্তার মীম (১৬)। একপর্যায়ে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে শীতল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় সে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিম চাঁদপুরের নূর মোহাম্মদের মেয়ে। সে যাত্রাবাড়ীতে থেকে সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় পড়ত বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার এসআই আরিফ হোসেন জানান, এক বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয় মিম। সাদ্দাম মার্কেটের সামনে আসার পর হঠাৎ পেছন থেকে রাস্তায় পড়ে গেলে শীতল পরিবহনের বাসে পিষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল ভোর ৪টার দিকে রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় হালিম ব্যাপারী (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হন।
বিকেলে ত্রিশালে বাসচাপায় নূর আলম (২৫) নামে একজন নিহত হয়েছেন।
এর আগে গত বুধবার রাতে নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় আবু নাঈম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় মাওলানা আবদুল কাদের (৬০) নামে এক মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রাণ হারান। নাটোরের বড়াইগ্রামে ভটভটির ধাক্কায় আরিফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের প্রতিবেদনে :
সবুজবাগে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত : রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় হালিম ব্যাপারী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাসাবো ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন জানান, একটি বেপরোয়া গতির পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
হালিম ব্যাপারীর ছেলে মো. স্বপন জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার পূর্ব মির্জাচর মুন্সীকান্দি গ্রামে। তারা সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোররাতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তার বাবা।
শিবপুরে মোটরসাইকেল চালক ট্রাকচাপা : নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় আবু নাঈম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সৈয়দ জামানের ছেলে। তিনি নরসিংদী সদরে বৌয়াকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে আবু নাঈম নরসিংদী থেকে মোটরসাইকেলে কুলিয়ারচর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া সোনাইমুড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
মধুপরে বাসচাপায় সাবেক অধ্যক্ষ নিহত : টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় মাওলানা আবদুল কাদের (৬০) নামে এক মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার গোলাবাড়ি বাজারে রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার আম্বাড়িয়া গ্রামে শালিখা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সদ্য তিনি অবসরে গিয়েছেন বলে জানিয়েছেন ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গোলাবাড়ি বাজারের মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য সম্প্রতি একটি জেব্রাক্রসিং তৈরি করা হয়েছে। ওই ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস আবদুল কাদেরকে চাপা দেয়।
বড়াইগ্রামে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত : নাটোরের বড়াইগ্রামে গত বুধবার রাতে আলোবিহীন ভটভটির ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন। উপজেলার আগ্রাণ বাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার বনপাড়া পৌরসভার সর্দারপাড়া মহল্লার আনসার আলীর ছেলে। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ত্রিশালে বাসচাপায় নিহত ১ : ত্রিশালের বৈলর ইউনিয়নের মণ্ডলবাড়ি নামক স্থানে বাসচাপায় একজন নিহত হয়েছেন। তার নাম নূর আলম। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ী মোড়ে সড়কের আইল্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন লেবার কর্মরত ছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী রিফাত পরিবহনের একটি বাস আইল্যান্ডের ওপর উঠে নূর আলমকে চাপা দেয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, বাসটি আইল্যান্ডে উঠিয়ে দিলে ঘটনাস্থলে একজন মারা যান।