রায়পুরায় হত্যা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

রায়পুরায় হত্যা মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করেছে বাদীপক্ষ। গতকাল শুক্রবার সকালে হত্যার শিকার ছয় বছর বয়সী শিশুর বাবা আপন মিয়া উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা মধ্যপাড়ার নিজ বাড়িতে এলাকাবাসীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বাবা আপন মিয়া বলেন, ‘২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর আমার ছয় বছরের ছেলে হোসেন মিয়াকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায় প্রতিবেশী মোস্তফা মিয়ার ছেলে ইসলাম মিয়া। পরে বলাৎকারের পর অনেক কষ্ট দিয়ে হোসেনকে হত্যা করে ইসলাম মিয়া। এর দুদিন পর ১৬ সেপ্টেম্বর বাড়ির পেছনের কাঁকন নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয় হোসেনের লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইসলাম মিয়াকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু ইসলাম জামিনে বেরিয়ে এসে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এরপরও মামলা না তোলায় আমাকে মেরে ফেলাসহ আমার পরিবারের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়। গত কোরবানির ঈদের আগের দিন মোস্ত মিয়ার ছেলে সোহরাফ ১০-১৫ জন লোক নিয়ে এসে আমাকে হুমকি-ধমকি দিয়ে যায়। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছি। অন্যদিকে প্রায় তিন বছর অতিবাহিত হলেও আমি আমার ছেলে হত্যার বিচার পাইনি।’

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এ হত্যাকা-ের ন্যায়বিচার দাবি করেন।