বুলবুলের বিভাগে ১০ দিন ক্লাস পরীক্ষা স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে তার বিভাগে নেমেছে শোকের ছায়া। শোকার্ত বুলবুলের সহপাঠী, বিভাগের অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে ১০ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে লোকপ্রশাসন বিভাগে।

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার বিকেলে লোকপ্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা তাসনিম দেশ রূপান্তরকে বলেন, ‘বুলবুলের এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। বুলবুলের এভাবে মৃত্যু ঘটবে, আমরা সেটা ভাবতেও পারিনি। তার সহপাঠীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে জানায় যে তারা (শিক্ষার্থীরা) এ অবস্থায় ক্লাস ও পরীক্ষা দিতে মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে প্রস্তুত হতে তাদের কিছুদিন সময় লাগবে। তারপর ১০ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার জন্য তারা আবেদন করে। আবেদনের ভিত্তিতে ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।’

শামীমা তাসনিম আরও বলেন, ‘বুলবুলের মৃত্যুর পরদিন তাদের বর্ষের ভাইভার সময়সূচি নির্ধারিত ছিল। তার আর ভাইভা দেওয়া হলো না। ২৫ তারিখ রাতে ঘটনার পর, ২৬ তারিখ থেকে বিভাগে কোনো ক্লাস, পরীক্ষা বা ভাইভা নেওয়া হয়নি। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষার শিডিউল ছিল। সবাই এখন মানসিকভাবে ভেঙে পড়েছে।’