সাংবাদিকদের শিক্ষামন্ত্রী

নতুন প্রজন্মকে গড়ে তুলতে ৫০ বছরের পরিকল্পনা

আগামী ৫০ বছর পরে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে তা গবেষণা করে সে অনুযায়ী নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগামী ৫, ১০, ৫০ বছরে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে, সেটি বিবেচনায় নিয়ে সেই রকম গবেষণা করে আমাদের নতুন প্রজন্ম এবং যারা আসবেন তাদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।’

শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের পথে বাধা দূর করতে শিক্ষা ব্যবস্থার সর্বত্র ভাষা শিক্ষা, আইসিটি ও উদ্যোক্তা হওয়ার দক্ষতার ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘যে যাই পড়াশুনা করুক, আমরা যেমন একদিকে কারিগরি এবং ভিত্তিমূলক শিক্ষার ওপর জোর দিচ্ছি, কৃষি এবং প্রকৌশল শিক্ষার ওপর জোর দিচ্ছি, ঠিক একইভাবে আমরা ভাষা, আইসিটি শিক্ষার ওপরও জোর দিচ্ছি। শিক্ষার্থীদের যেন দেশে বা বিদেশে কর্মসংস্থানের পথে কোনো বাধা না থাকে।’

মন্ত্রী বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব এ বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।’

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ওসমান গনি পাটওয়ারী, নৌপুলিশের এসপি কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত সুপার সুদীপ্ত রায় এবং পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি চিকিৎসক আফসানা শর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।