কর্ণফুলী নদীর তলদেশে নির্মীয়মাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এই টানেল দেশের জন্য একটি মডেল বলে মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এত বড় একটা প্রজেক্ট নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন করা যাচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। ’
জ্বালানি তেলের মূল্যের ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিস নেই। সরকার এখনো জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়তো চিন্তা-ভাবনা করবে।’
এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় তিনি সরকারের বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।