পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, যারা বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ডে এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারেন। গতকাল ময়মনসিংহে অনুষ্ঠিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ তিনি এমন পরামর্শ দেন।
এসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে। দেশের অর্থনীতি নিয়ে অপ্রয়োজনীয় ভীতি সৃষ্টির সমালোচনা করে তিনি বিনিয়োগকারীদের গুজবে কান না দিতে এবং ঠান্ডা মাথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ পুঁজিবাজারে বিনিয়োগের নিরাপদ ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে এবং শিখতে হবে তবেই তারা লাভবান হবেন। তিনি আরও বলেন, ‘আর্থিক স্বস্তি এবং সঞ্চয়ের জন্যই বিনিয়োগ। সুতরাং বিনিয়োগের সুরক্ষা প্রয়োজন।’
স্বাগত বক্তব্যে এসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিনিয়োগ ও পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করে বিনিয়োগকারীদের বলেন, বিনিয়োগকারী যাতে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য কাজ করছে এসইসি এবং তার দুটি অঙ্গ সংগঠন।