আজ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে প্রাচ্যনাট নিয়ে আসছে তাদের ২৭তম প্রযোজনা বিখ্যাত নাট্যকার ইউজিন ও ‘নীল-এর নাটক ‘বনমানুষ-দ্য হেয়ারি এপ’। ইউজিন ও ‘নীল জন্মগ্রহণ করেছিলেন পুঁজিবাদী রাষ্ট্রে। তিনি এই নাটকের মধ্য দিয়ে আঘাত করেছিলেন সেই পুঁজিবাদের। নিউ ইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজকে কেন্দ্র করে এ নাটক। জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরতে থাকা কয়েকজন মানুষের গল্প। নির্দেশক বাকার বকুল বলেন, ‘নাটকটি নির্দেশনার কাজ করতে গিয়ে সবসময় আমার কাছে মনে হয়েছে এ জাহাজটি যেন জাহাজ নয়, একটি পৃথিবী। যে পৃথিবীতে শ্রেণি বৈষম্য বেড়েই চলেছে এবং এমন সীমাহীনতায় পৌঁছেছে যেখানে দিনমজুর মানুষগুলোকে ওপরতলার মানুষেরা অসভ্য জানোয়ার বলে মনে করছে। প্রশ্ন আসে মহাকালের পথে ধাবমান পৃথিবী চলছে কোন শক্তিতে। জাহাজের ইঞ্জিনটিকে সচল রাখছে কারা চুল্লিতে কয়লা দিয়ে। এই নাটকের মূল চরিত্র ইয়াংকের তীব্র বেদনা বোধ ও ক্ষোভের মধ্য দিয়ে পৃথিবীর লাঞ্ছিত নিপীড়িত মানুষের আর্ত হাহাকার ও ক্ষোভ ফুঁসে উঠেছে। জাতিগত পর্যায় থেকে পরিবার কিংবা ব্যাক্তিগত পর্যায় পর্যন্ত পুঁজিবাদের চর্চাটি সিঁধ কেটে ঢুকে পড়েছে চোরের মতো। যদিও সেই গোপন চর্চা বিশ্বায়নের নামে প্রকাশ্য দানবরূপে গ্রাস করছে পৃথিবীকে। বিশ্বায়ন এক ধাপ্পাবাজি। সাম্রাজ্যবাদীদের নয়া ঔপনিবেশিকতার এক সূক্ষ্ম কৌশল। ঞযব ঐধরৎু অঢ়ব নাটকের মধ্য দিয়ে বিশ্বায়নের অপকৌশলটিকে আমরা অনুধাবন করতে চাই রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত।’