বিচারকদের আইনমন্ত্রী

বিচারে দেরি হলে ন্যায়বিচারের ‘ন্যায়’ ঝাপসা হয়ে যায়

বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘মামলার বিচার করতে দেরি হলে ন্যায়বিচার শব্দের ন্যায় কথাটি আস্তে আস্তে অনেক ঝাপসা হয়ে যায়। এই ঝাপসাটা হতে দেবেন না। যখন পরিষ্কার থাকে তখই যাতে মামলাটা শেষ হয়, সেই কাজটা আপনারা করবেন। সেইসঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়াবেন। আমি জনগণের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এটুকু অনুরোধ করছি।’

গতকাল শনিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন।

গোলাম সারওয়ারকে আইন ও বিচার বিভাগে পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদায়ন উপলক্ষে রাজধানীর ধানম-ির একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে আইনমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম চাওয়া ছিল, জনগণকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া। কারণ তিনি কখনো ন্যায়বিচার পাননি। এমনকি মৃত্যুর পরও ন্যায়বিচার পাননি। সেক্ষেত্রে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, বিচার বিভাগকে এমনভাবে সাজানো, যাতে বাংলাদেশের জনগণের দ্রুত ন্যায়বিচার পাওয়ার অধিকার পূরণ হয়।’

বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের স্বার্থে আপনারা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যেটাই চাইবেন, সেটা দিয়ে দেওয়া হবে। বিনিময়ে দ্রুত ন্যায়বিচার চাই।’ তিনি আরও বলেন, ‘জনগণের টাকা-পয়সায় দেশ চলে, তাদের পরিশ্রমে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার কারণে আমরা এই অবস্থানে আছি। তাই তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।’