গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধীন ৫৭টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এ ইউনিটে ১ লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এ ছাড়া ‘বি’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন করেছেন ৯০ হাজার ৬১৮ জন। আর ‘সি’ ইউনিটে (বাণিজ্য) আবেদন করেছেন ৪২ হাজার ১৭০ জন। আগামী ১৩ আগস্ট মানবিক বিভাগের এবং ২০ আগস্ট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সংক্ষিপ্ত সিলেবাসে, অর্থাৎ এইচএসসিতে যে সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে, ভর্তি পরীক্ষায়ও সেই সিলেবাস থেকে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু তা মানা হয়নি। পূর্ণ সিলেবাস থেকেই প্রশ্ন এসেছে। এ ছাড়া যেসব ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিলেন তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৯টি উপকেন্দ্রে নেওয়া হয়েছে।
প্রশ্নপত্র নিয়েও সমস্যায় পড়তে হয়েছে উল্লেখ করে তারা বলেন, ‘এ’ ইউনিটের এ পরীক্ষায় ১০০ নম্বরের উত্তর করেন। তবে প্রশ্নের ফন্ট সাইজ ছিল অতি ক্ষুদ্রকার। এমনকি দুই লাইনের মধ্যে স্পেসও ছিল খুব কম। ফলে পড়তে খুবই সমস্যা হয়েছে। এ ছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের উত্তর করার জন্য রাফ কাগজের প্রয়োজন হয়। কিন্তু পরীক্ষার হল থেকে তা সরবরাহ করা হয়নি। আবার বাইরে থেকে কোনো ধরনের কাগজপত্র তাদের নিতেও দেওয়া হয়নি।