গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় মাদকবিরোধী এক অভিযানে নগদ টাকা ও হেরোইনসহ একই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন স্থানীয় মোছা. মধু (৪৫), তার স্বামী মো. হাসেম (৫৬), তাদের মেয়ে মোছা. আশা ও মেয়ে জামাই মো. কফিল উদ্দিন (৩০)। গত রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, রবিবার রাতে লক্ষ্মীপুরা এলাকার নিজ বাসা থেকে প্রথমে আশাকে দুই গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসায় অভিযান চালিয়ে তার মা মধু, বাবা হাসেম ও জামাই কফিলকে আরও ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এসময় ছেলে সজীব কৌশলে পালিয়ে যায়। পরে সজীবের কাঠের ড্রয়ার থেকে ৫টি পিস্তলের গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।