ডিবির নতুন জ্যাকেট

কিউআর কোড স্ক্যানেই জানা যাবে আসল-নকল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন জ্যাকেট পেয়েছে। গতকাল সোমবার এ নতুন জ্যাকেট দেওয়া হয়। বিভিন্ন সময় ভুয়া ডিবির নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নতুন জ্যাকেট বানানো হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। কুইক রেসপন্স কোড বা কিউআর কোড সংবলিত এ জ্যাকেট কেউ নকল করতে পারবে না বলে জানান তিনি।

গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি সেজে ডাকাতির ঘটনায় জড়িত ছয় সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলে ডিবিপ্রধান হারুন অর রশীদ নতুন জ্যাকেট উদ্বোধন করেন।

নতুন জ্যাকেটের বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, জ্যাকেটটিতে ডিএমপি এবং ডিবির রঙিন লোগো দৃশ্যমানভাবে ব্যবহার করা হয়েছে। জ্যাকেটে রিফ্লেক্টিং টেপ থাকায় রাতের বেলায় আলোতে দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বোঝা যাবে। জ্যাকেটে স্টেটমেন্ট পাথ পকেটসহ একাধিক পকেটের সুবিধা থাকাতে অভিযানকালে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবেন।

নতুন জ্যাকেট নকল করা সম্ভব কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, এ জ্যাকেট নকল করা সম্ভব নয়। তারপরও যদি কেউ নকল করে তাহলে কঠোর ব্যবস্থার কথা জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আজ (সোমবার) থেকে আমাদের ডিবির সব সদস্য পৃথক কিউআর কোড সংবলিত নতুন জ্যাকেট পেয়েছেন। এ জ্যাকেট পাওয়া সদস্যদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো দুর্বৃত্ত এ জ্যাকেট নকলও করে তাহলেও কিউআর কোড স্ক্যান করে আসল-নকল বোঝা যাবে। নকল হলে মোবাইল অ্যাপে ‘ইনভ্যালিড কিউআর কোড’ বার্তা আসবে।

তিনি বলেন, ডিএমপির ডিবি যে জ্যাকেট পরে অভিযান চালাচ্ছে, তা বেশ পুরনো। দীর্ঘদিন ধরে এ জ্যাকেট ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হয় সেজন্য ডিবিতে সংযোজন করা হয়েছে নতুন জ্যাকেট।

ডিবিপ্রধান বলেন, নতুন জ্যাকেটে এই প্রথম গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের ব্যবস্থা থাকছে। তিনি আরও বলেন, ‘ডিবির জ্যাকেটে রয়েছে আমাদের মেধা-মননের বিশেষ সমন্বয়। কিউআর কোডসহ বিভিন্ন দৃশ্যমান ও গোপন বৈশিষ্ট্য সংবলিত যে জ্যাকেটটি আমরা ব্যবহার করতে যাচ্ছি, তাতে আমাদের সদস্যদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনগণও আস্থা পাবে।’

হারুন অর রশীদ ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ার মাস না পেরোতেই নতুন জ্যাকেট পেল ডিবি। তবে জ্যাকেট বদলের উদ্যোগ আগে থেকেই নেওয়া হয়েছিল বলে ডিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।