২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে রুপালি জগতে পা ফেলেন মাহিয়া মাহি। বাপ্পি চৌধুরীর সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কাড়ে। প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসা এই নায়িকা ২০১৩ সালে ‘পোড়ামন’ সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন আরও জনপ্রিয়। ঢালিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের তালিকায় ঠাঁই মেলে মাহির। কয়েক বছরের ব্যবধানে মাহি হয়ে ওঠেন প্রযোজকদের ভরসাস্থল। ধীরে ধীরে মাহি দর্শকের কাছে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হন। তার অভিনীত নারীকেন্দ্রিক একাধিক সিনেমার সাফল্যই সেটার প্রমাণ।
অভিষেকের পর থেকে প্রায় প্রতি বছরই মাহিয়া মাহির একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তবে গত প্রায় এক বছর ধরে তাকে বড় পর্দায় দেখা যায়নি। এর মধ্যে গত বছরই দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেন মাহিয়া মাহি।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে ঘর বাঁধেন। বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছেন নায়িকা। স্বামীর সঙ্গে মক্কায় গিয়ে ওমরাহ করেও এসেছেন। সিনেমা থেকেও কিছুটা দূরে সরে গেছেন। ফলে গুঞ্জন ছড়ায়, অচিরেই হয়তো সিনেমা ছেড়ে দেবেন এ নায়িকা।
নতুন বিয়ের পর মাহির কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে আগামী তিন মাসের মধ্যেই মুক্তি পাবে তার দুটি সিনেমা। এগুলো হলো ‘আশীর্বাদ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
‘আশীর্বাদ’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। এর আগে সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির প্রচারণা।
আবারও পর্দার ফেরার বিষয়ে মাহি বলেন, ‘খুবই ভালো লাগছে, অনেকদিন পর আমাকে আবারও দর্শক সিনেমার পর্দায় দেখবে। যে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে সেই দুটি সিনেমায় কাজ করেও ভালো লেগেছে। নিজেকে ভালোভাবে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক সিনেমা দুটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন।
নিজের ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে মাহি বলেন, ’১০ বছরের ক্যারিয়ারে আমি যতটুকু পেয়েছি, তাতে আমি তৃপ্ত। প্রত্যাশার চেয়ে আমি অনেক বেশি পেয়েছি। কিন্তু সেটা কীভাবে ইউটিলাইজ করব তা বুঝে পাইনি। কারণ পেয়ে গেছি বেশি। এটাকে ধরে রাখতে হলে এখন থেকে সিরিয়াস হতে হবে। অবশ্য, সিনেমা নির্বাচন করায় আমার ভুল হচ্ছে। আমাকে আরও সচেতন হতে হবে কোন সিনেমাটা আমার করা উচিত আর কোন সিনেমাটা করা উচিত নয় এই বিষয়টা ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে।’
নিজের মূল্যায়ন নিয়ে মাহি বলেন, ‘বাইরের বলতে হলিউড বা বলিউডের তারকাদের সঙ্গে নিজের একদমই তুলনা করি না। ফলে সে পরিপ্রেক্ষিতে নিজেকে মূল্যায়ন করারও কোনো অবকাশ নেই। আমার সঙ্গে বহির্বিশ্বের কোনো তুলনা হতেই পারে না। আমার অনেক কিছু শেখার আছে। আমি ভালো অভিনয় করতে চাই।’ এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করছেন মাহি। ফ্যাশন ব্র্যান্ড ‘ভারা’র পর এবার খুলেছেন রেস্তোরাঁ। মাহি বলেন, ‘অভিনয় সামলে ব্যবসা করা সম্ভব। প্ল্যানিংটা সেভাবেই করা হয়েছে। সারা জীবন তো আর অভিনয় করব না। তাই পাশাপাশি ব্যবসাও চালিয়ে যাচ্ছি।’