শত্রুতার জেরে উপড়ে ফেলা হলো শতাধিক গাছের চারা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে শতাধিক গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাখাওয়াত হুসাইন তানভীর গতকাল মঙ্গলবার কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

ওই এলাকার সাখাওয়াত হুসাইন তানভীর ও তার ভাতিজা জিয়াউর রহমান সম্প্রতি তাদের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান। গত সোমবার রাতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আব্দুল বাছেদের নেতৃত্বে একদল লোক ওই বাগানের বেড়া ভেঙে শতাধিক গাছের চারা উপড়ে ফেলে। ক্ষতিগ্রস্ত সাখাওয়াত হুসাইন তানভীর ও তার ভাতিজা জিয়াউর রহমান জানান, রাতে আমাদের বাগানের গাছের চারা উপড়ে ও বেড়া ভেঙে ফেলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আবদুল বাছেদ জানান, আমার আলের ভেতর দিয়ে গাছের চারা লাগিয়েছিল। এজন্য আমাদের আলের ভেতরের গাছের চারা উঠিয়ে ফেলা হয়েছে।