বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেবে জাতিসংঘ

অচিরেই আফ্রিকার বিভিন্ন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী ও অস্ত্র-সরঞ্জাম নেওয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে গুতেরেস এ কথা বলেন। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্কে পারমাণবিক বিস্তার রোধ চুক্তি (এনপিটি) রিভিউ কনফারেন্স যোগদানকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক উচ্চ পদে আরও বেশিসংখ্যক বাংলাদেশি কর্মকর্তা নিয়োগের জন্য মহাসচিবের কাছে অনুরোধ জানান। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দান এবং অব্যাহতভাবে মানবিক সহায়তা দানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কৃতজ্ঞতার কথা তুলে ধরেন গুতেরেস। ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে যোগ দিতে সম্মত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব ছাড়াও এনপিটি কনফারেন্সে যোগদান উপলক্ষে জাতিসংঘে আসা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। তাদের মধ্যে রয়েছেন সেøাভেনিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিজ তানজা ফাজন, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিজারতো, আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিরো।