চলমান লোডশেডিং ইস্যু নিয়ে বিএনপি আন্দোলন-সংগ্রামের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার বিকেল মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবনির্মিত থানা ভবন ও লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধনকালে এমন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে, তবে সব জায়গায় ব্যর্থ হচ্ছে। তবুও বিএনপি বারবার অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে বিএনপি, তবে এতে কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি আন্দোলনের নামে রাজপথ বন্ধ করে, যান চলাচল বন্ধ করে, জনগণের জানমাল ক্ষতিগ্রস্ত করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। আর কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এ সময় চলমান লোডশেডিং পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির সময়ের লোডশেডিংয়ের ফলে জেনারেটরের শব্দে কান ঝিঁঝি করত। আইপিএস বিক্রি হতো ডাবল দামে। পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারত না ঠিকমতো। মোমবাতি-হারিকেন এসব জ¦ালাতো সন্ধ্যা নামলেই ঘরে ঘরে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভোলেনি।’
বদলে যাওয়া বাংলাদেশ দেখে এখন বিএনপি সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য বিভিন্ন সংকট তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির সক্ষমতা যা ছিল, এখনো তা-ই আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময়মতো সরবরাহ পাচ্ছি না। এ জন্যই রুটিন করে লোডশেডিং করা হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।