দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

না.গঞ্জে কাটা পড়ল ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগ

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাতে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে দুইশ’র বেশি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত ২৮ জুলাই ‘ফুটপাতে কোটি টাকার বিদ্যুৎ চুরি’ শিরোনামে দেশ রূপান্তরে প্রতিবদন প্রকাশের এক সপ্তাহের মাথায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে এই অভিযান চালাল ডিপিডিসি।

জানা গেছে, বুধবারের অভিযানে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, সিরাজদ্দৌল্লা সড়ক, কালীরবাজার, দিগুবাবুরবাজার, শায়েস্তা খাঁ সড়ক, ২ নম্বর রেলগেইট ও ১ নম্বর রেলগেইট এলাকার ফুটপাতে থাকা অস্থায়ী দোকানগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডিপিডিসির এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব) এর নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোরশেদের নেতৃত্বে চলা এই অভিযানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির নির্বাহী প্রকৌশলী (অতি. দায়িত্ব) মো. মশিদুল হক, উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. জোনায়েদ হাসান নাজমুল, উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ রানা, উপ-সহকারী প্রকৌশলী কুদরত আলী, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রিয়াদ হোসেন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. ফাইনুর ইসলাম প্রমুখ।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে ডিপিডিসি কর্মকর্তা গোলাম মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘শহরের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আমরা শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছে আমরা তাদের নাম-ঠিকানা সংগ্রহ করছি এবং তাদের সতর্ক করে দিয়েছি। এরপরও যদি তারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ চালায় প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ডিপিডিসির এই কর্মকর্তা আরও বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকার রাত ৮টার মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। রাত ৮টার মধ্যে সব দোকানপাট ও মার্কেট বন্ধ করতে হবে। আর তা না হলে সেইসব মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হতে হবে।’

উল্লেখ্য, গত ২৮ জুলাই দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ক্ষমতাসীন দলের নামধারী নেতাদের স্বজনরা নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে কয়েকশ অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বাতিপ্রতি প্রতিদিন আদায় করছে ৩০ থেকে ৫০ টাকা। এতে করে বছরে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছে চক্রটি। যার ফলে সরকার যেমন একদিকে হারাচ্ছে রাজস্ব, তেমনি লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছেন সাধারণ গ্রাহকরা।