চট্টগ্রাম বিমানবন্দর

এক কেজি স্বর্ণের বারসহ দুবাইফেরত যুবক আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি স্বর্ণ, মদ ও সিগারেটের পাশাপাশি ১৯টি আইফোন উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম মিজানুর রহমান (২৮)। তিনি শুল্ক ফাঁকি দিতে ঘোষণা ছাড়াই ওই যাত্রী এসব পণ্য এনেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে ওই যাত্রী বিমানবন্দরে আসেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের শুল্ক কর্মকর্তা আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমানের লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে ৬টি সোনার বার, ১২টি সোনার চুড়ি ও ১২টি লকেট পাওয়া গেছে। এ ছাড়া মিজানুরের হেফাজত থেকে ১৯টি আইফোন ও ৪টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। তবে একটি আইফোন তার নিজের ব্যবহৃত বলে আকরাম জানিয়েছেন।