সহপাঠীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম কবির আহমেদ কৌশিক। গতকাল বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন নির্যাতনের অভিযোগ ‘প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়’ কবির আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সহপাঠী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর।