বছরের দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ৯১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ২৬ জুলাই সারা দেশে ৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এদিন আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯১ জনের মধ্যে ঢাকায় ৬৭ জন ও ঢাকার বাইরে ২৪ জন। বর্তমানে সারা দেশে ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন ও ঢাকার বাইরে ৮৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল (৪ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৯৮০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৭ জন ও ঢাকার বাইরে ৪৯৩ জন।

এ দিন সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬১৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ২২০ ও ঢাকার বাইরে ৩৯৯ জন।