রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল যন্ত্রাংশ নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল। গতকাল শুক্রবার বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৭ নম্বর বয়ায় আসে। আজ শনিবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে আনার কথা রয়েছে। এরপর সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু হবে বলে জানা গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটিই পণ্যের চালানের রাশিয়ান দ্বিতীয় জাহাজ।
জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ২ হাজার ৮৬২টি প্যাকেজে গুরুত্বপূর্ণ মেশিনারি যন্ত্রপাতি রয়েছে। এসব পণ্যের ওজন প্রায় ৫ হাজার ৬০১ টন বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টার পোর্টের খুলনা অফিসের জেনারেল ম্যানেজার অসিম কুমার সাহা বলেন,গত ৬ জুলাই রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটির মোংলা বন্দরে পৌঁছতে প্রায় ৩০ দিন সময় লেগেছে। এছাড়া জাহাজটির গভীরতা বেশি থাকায় সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারছে না। ফলে হাড়বাড়িয়ার ৭ নম্বর বয়ায় রেখে কিছু পণ্য খালাস করে তারপর জেটিতে আনা হবে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন আরও জানান, জাহাজ থেকে জেটিতে এ যন্ত্রাংশ খালাসের পরপরই তা সড়কপথে ট্রাক ও লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল মোংলা বন্দরের মাধ্যমে আমদানি, খালাস ও পরিবহনের ক্ষেত্রে এক নবযুগের সূচনার সাক্ষী হয়ে থাকবে এ বন্দর।’