জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন ভাড়া। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিন বাসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ আদেশ দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।
এর মধ্যে শরীয়তপুর পরিবহনকে ২৫ হাজার, শরীয়তপুর সুপার সার্ভিসকে ২৫ হাজার ও শরীয়তপুর ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শরীয়তপুর থেকে ঢাকা ৫২ সিটের পরিবহনে জনপ্রতি ভাড়া ২০১ টাকা। আর ৪০ সিটের পরিবহনে জনপ্রতি ভাড়া ২৫৭ টাকা। কিন্তু ৫২ সিটের বাসে জনপ্রতি ২৫৭ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। তাই তিন পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।