‘শনিবার বিকেল’ নিয়ে ফারুকীর আক্ষেপ

তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি। কেন আটকে আছে জানেন না নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর ছবিটির ভাগ্যে কী ঘটছে, জানেন না সেন্সর বোর্ডের সদস্যরাও। ফারুকী বলেন, ‘আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল! এ রকম কত সকাল যে আমার গেছে। আমি একটা ছবি বানাইছি ‘শনিবার বিকেল’ নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। তারপর বলে দিল, ছবি ব্যান। আমরা আপিল করলাম। আজকে সাড়ে তিন বছর হলো আপিলের। কোনো উত্তর নাই। আমাদেরও বুঝি কিছু বলার নাই। কারণ তারাপদ রায়ের কবিতার মতো আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে, আমরা টেরও পাইনি।’ আক্ষেপ করে গুণী এই নির্মাতা বলেন, ‘আমরা ফুল, পাখি, লতা-পাতা নিয়া ছবি বানাইলে ঠিক আছে! এমন কিছু বানানো যাবে না যেখানে আমাদের চেহারা দেখা যায়। কিন্তু আমি তো চিরকাল সেই সব গল্পই বলে আসছি, যেখানে আমাদের চেহারা দেখা যায়, সেটা প্রেমের গল্পই হোক আর রাজনীতির গল্পই হোক। আমি তো অন্য কিছু পারি না। তাহলে পাখি সব যে রব করবে, সেটা কি নতুন সুরে করতে হবে? নতুন সুর শিখতে হবে?’