গাজীপুর মহানগরীর পুবাইলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন কলেজছাত্রীর বাবা। স্কুলছাত্রের বাড়ি পুবাইল থানার মাজুখান পশ্চিমপাড়ায়।
জানা গেছে, ওই স্কুলছাত্রের সঙ্গে একই এলাকার ভাড়াটিয়া কলেজপড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মামলার বাদী মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ে করবে বলে ওই ছেলে গত ২৯ মে বিকেলে আমি ও আমার স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে ফুসলিয়ে আমার বাসায় শারীরিক সম্পর্ক করে। পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে আমার মেয়ে তার প্রেমিক স্কুলছাত্রকে বিয়ে করতে বললে সে রাজি হয়নি। পরে কয়েক দিন আগে ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়। ছেলের পরিবারও এ বিয়ে করাতে রাজি হয়নি। তাই ছেলেকে আসামি করে থানায় মামলা করি।’
এ ব্যাপারে পুবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল পুবাইল থানায় মামলা করেছেন কলেজছাত্রীর বাবা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।