সম্প্রতি ‘তালাশ’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ। এবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’। ছবিটি নিয়ে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাইদ
তালাশে সাড়া...
‘তালাশ’ ছবি মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে যায়। তারপরও দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। ঈদে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ছবিটি হল থেকে নামিয়ে দিতে হয় কিন্তু দর্শকদের আগ্রহ রয়ে গেছে এখনো। দর্শকদের আগ্রহের কারণে এবার আমরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দিয়েছি। অনলাইনেও প্রচুর দর্শক দেখছে ছবিটি।
যাও পাখি বলো তারে...
‘যাও পাখি বলো তারে’ ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক ভাই। আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেইলার, গান প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু। এটির কাহিনী-সংলাপ লিখেছেন আসাদ জামান। এই সিনেমায় আমার বিপরীতে আছেন মাহিয়া মাহি। এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, মিলি বাশার।
কেন দেখবে দর্শক...
অনেক দিন পর দর্শক গ্রামের নিটোল প্রেমের একটা ছবি দেখবে। আর মোস্তাফিজুর রহমান মানিক ভাই তো বরাবরই প্রেমের ছবি বানান। এই ক্ষেত্রে তার আলাদা মুনশিয়ানা আছে। সব মিলিয়ে দর্শক অন্যরকম একটা ছবি দেখবে।
মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতাৃ
মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। বলা যায়, আমার অভিনয় করা ছবিগুলোর মধ্যে মাহিই প্রথম বড় তারকা যার সঙ্গে কাজ করেছি। মাহি খুবই হেল্পফুল একজন আর্টিস্ট। মাহির সঙ্গে আমার রসায়ন দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবে।
নাকফুল...
নাকফুল সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। ডাবিং চলছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। মূলত, আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের স্মারক এবং গ্রামীণ নারীর প্রধান অলংকাররূপে প্রতীয়মান নাকফুল নিয়েই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এই সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
যেভাবে নায়ক...
নব্বই দশকে যখন বিটিভিতে বিকেলে সিনেমা দেখতাম তখন পর্দার নায়ককে দেখে নিজের মতো কল্পনা করতাম। তখন থেকে ফিল্মে দুর্বলতা আসে। তাছাড়া আমি ছোট করে স্টেজে গান বা বিভিন্ন অনুষ্ঠানে জড়িত ছিলাম। সেই ছোট ছোট স্বপ্নগুলো আজ সত্যি হয়েছে। ২০১৮ সালে বেশি করে সিনেমার ভূত মাথায় চাপে। তখন নাটকের কাজ ছেড়ে দিই। স্থির করি আমি সিনেমা করব। প্রথম ছবিতেই বেশ ভালো সাড়া পেয়েছি। এবার দ্বিতীয় ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি এটাও ভালো যাবে। জানি না কতটুকু পারব, তবে ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকব। সবার ভালোবাসা ও সমর্থন কামনা করছি।