বগুড়ায় অবৈধভাবে মজুদ ১২ হাজার বস্তা সার জব্দ

বগুড়ায় অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউন সিলগালা ও দুটি ট্রাক জব্দ করা হয়। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোডাউনের মালিকের নাম নাজমুল পারভেজ কনক। তিনি শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বগুড়া সদর উপজেলায় যেসব সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে এ গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনকের নাম নেই। অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুটি ট্রাক যার একটি সম্পূর্ণ ভর্তি এবং একটি খালি ট্রাকও জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।