মাদারীপুরের শিবচর থেকে মালঞ্চ বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকায় সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।
ভোরের দিকে রাস্তা পার হতে গেলে কোনো গাড়ি চাপায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে কোনো পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।
সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, সকালে সড়কের উপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।