ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে এগারোটার দিকে পৌর শহরের স্টিমার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে সুগন্ধা নদীর স্টিমার ঘাটের পাশে লিসান ও মানিক নামের দু'জন জেলে প্রথম লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জেলে মানিক বলেন, রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে গন্ধ পাই। তারপর হাতের লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে লুঙ্গি ছিল।
লাশটি পনেরো দিনের অধিক সময় পানিতে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা লাশের পরিচয় নিশ্চিতের জন্য বিভিন্ন থানায় খোঁজখবর নিচ্ছি।