সেরা স্থাপত্য পুরস্কারের দশম সংস্করণে বার্জার

সেরা স্থাপত্যের স্বীকৃতি দিতে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের (বিএইএ) দশম সংস্করণের উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। গতকাল বুধবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় বার্জার। এই আয়োজনে বার্জারকে সহযোগিতা করবে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)। 

সংবাদ সম্মেলনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘সেরা কাজগুলো তৈরিতে আমাদের স্থপতিরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু অনেক সময়ই তাদের সৃষ্টিশীল কাজগুলো স্বীকৃতি পায় না। যোগ্য স্থপতিদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে।’

এ অ্যাওয়ার্ডের বিভিন্ন বিষয় সাংবাদিকদের জানান স্থপতি কাজী এম আরিফ। পাশাপাশি তিনি ট্রফিও উন্মোচন করেন, যার নকশা করেছেন প্রখ্যাত শিল্পী মো. হামিদুজ্জামান।

বার্জারের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোহসিন হাবিব চৌধুরী বলেন, ‘২০০৩ সাল থেকে বার্জার স্থাপত্যে সেরা কাজগুলোকে স্বীকৃতি প্রদানে “বার্জার ইয়াং আর্কিটেক্টস” অ্যাওয়ার্ড চালু করে, যা পরে ২০০৭ সালে “বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)” নামকরণ করা হয়। এ বছর বিএইএ অ্যাওয়ার্ডের দশম পর্ব সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এই অ্যাওয়ার্ড ২০ বছর ধরে প্রদান করা হচ্ছে।’

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার ‘বার্জার আর্কিটেক্টস’ অ্যাওয়ার্ড ও ‘বার্জার ইয়াং আর্কিটেক্টস’ অ্যাওয়ার্ডএ দুটি বিভাগে পুরস্কৃত করার উদ্যোগ হিসেবে শুরু করা হয়, যার মধ্যে আবাসিক ও অনাবাসিক ক্যাটাগরি রয়েছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনায় গত ডিসেম্বরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।