ভারী বৃষ্টিতে রাঙ্গামাটি কাপ্তাই সড়কে ধস

কয়েক দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই-রাঙ্গামাটি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় আকারে ধস দেখা দিয়েছে। ধসের কারণে সড়কের বিশাল অংশ দেবে গেছে মাটির নিচে। অনেক স্থানে সড়কের ওপর বড় আকারে ফাটলও দেখা দিয়েছে। এ অবস্থায় ভারী যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে।

সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের কলাতলী, শিমুলতলীসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের কোল বেয়ে চলা এ সড়কেও বড় আকারের ধস দেখা দিয়েছে। সবচেয়ে বড় আকারের ধস দেখা দিয়েছে কলাতলী এলাকায়। ধসের কারণে প্রায় তিনশ ফুট সড়ক গভীর খাদে তলিয়ে গেছে। এর আশপাশে আরও ধস হওয়ার আশঙ্কা রয়েছে। যানবাহন চালকদের সতর্ক করতে সড়ক ও জনপথের পক্ষ থেকে রাস্তার বিভিন্ন ভাঙনকবলিত অংশে লাল পতাকা পুঁতে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ধস ঠেকাতে সড়কের ওপর প্লাস্টিক ও ত্রিপল বিছিয়ে রাখা হয়েছে। মাল বোঝাই একটি কাভার্ড ভ্যান ভাঙন কবলিত অংশের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে পার হচ্ছিল। ওই কাভার্ড ভ্যানের চালক সৈয়দ হোসেন বলেন, ‘পাহাড়ি রাস্তা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর জায়গায় জায়গায় ফাটল ও ধস দেখা দিয়েছে। এরমধ্যে প্রায় সময় ভারী বৃষ্টিও হচ্ছে। এ অবস্থায় অনেক ভয় নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।’

কলাতলীর স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় আমরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই।’

দুদিন আগে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শক দলের সদস্য কামাল হোসেন বলেন, ‘মূলত ভারী বৃষ্টির কারণে রাস্তার পাশের পাহাড়ে ধস দেখা দিয়েছে। বৃষ্টির পানি সরার জন্য উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ধস হচ্ছে।’

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘যেসব স্থানে ধসের কারণে সড়ক ভেঙে পড়েছে সেখানে আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্লাস্টিক ও ত্রিপল বিছিয়ে দিয়েছি। এরপর ভাঙন কবলিত অংশে বল্লি পুঁতে দিচ্ছি। তবে এতেও ধস ঠেকানো কঠিন হয়ে পড়ছে। বৃষ্টি বন্ধ হলে ধস ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’